আপডেট: July 22, 2026
নিজস্ব প্রতিবেদক, বরিশাল।।
বরিশালের জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুরে দক্ষিণবঙ্গের স্বনামধন্য শ্রীমদ্ভাগবত পাঠক শ্রী গ গৌর গোবিন্দ দাসের বাসভবনের গৃহমন্দিরে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ডাকাত দল মন্দিরে অবস্থানরত সেবায়েতসহ ৩ জনকে চেতনানাশক প্রয়োগে সংজ্ঞাহীন করে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগরপুরের রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় রীতি অনুযায়ী গত বৃহস্পতিবার থেকে জগন্নাথ দেবের শ্রীবিগ্রহ উক্ত গৃহমন্দিরে অবস্থান করছিল। প্রতিদিনের ন্যায় পূজা-অর্চনা শেষে রাতে মন্দির কক্ষেই ঘুমিয়ে ছিলেন নিতাই গৌর দাস, প্রিয় চিকন মাসি এবং মন্দিরের প্রধান সেবায়েত শ্রী ব্রহ্মানন্দ গোস্বামী।
দুষ্কৃতকারীরা গভীর রাতে কৌশল অবলম্বন করে বিষাক্ত/চেতনানাশক ওষুধ প্রয়োগের মাধ্যমে তাদের সবাইকে অজ্ঞান করে ফেলে। পরবর্তীতে মন্দিরে থাকা নগদ অর্থ এবং দেবোত্তর ও ব্যক্তিগত মূল্যবান স্বর্ণালংকার লুটপাট করে চম্পট দেয়।
আজ সকালে ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান আগরপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি)। তিনি সরজমিনে পরিদর্শনের পর প্রাথমিক আলামত সংগ্রহ ও রিপোর্ট প্রস্তুত করেন।
চেতনানাশক প্রয়োগে গুরুতর অসুস্থ ৩ জনকেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত গৈলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসাধীন ৩ জনের মধ্যে ১ জনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
আগরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ জানান, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের দ্রুত শনাক্তকরণ, গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে অভিযানে নেমেছে।”
এ ঘটনার পর স্থানীয় এলাকাবাসী, ভক্তবৃন্দ ও ধর্মীয় সম্প্রদায়ের মানুষের মাঝে গভীর ক্ষোভ এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

