আপডেট: November 26, 2026
বরিশাল প্রতিনিধি:: প্রেমের টানে ভারতের গুজরাট রাজ্য থেকে বরিশালের গৌরনদীতে এসেছেন সোরঠিয়া ফাইজানশাহ ওরফে হামজা (২০) নামে এক তরুণ। পরে পরিবারের উদ্যোগে নোটারি পাবলিকের মাধ্যমে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের পশ্চিম চন্দ্রহার গ্রামের মাহি আক্তার (১৭) নামে এক কিশোরীর সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
ভারতীয় তরুণের বাংলাদেশে আসা এবং অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীর সঙ্গে বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকায় কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ফাইজান শাহ ভারতের গুজরাট রাজ্যের অমরেলি জেলার রাজুলা এলাকার বাসিন্দা রেজওয়ান শাহর ছেলে। অন্যদিকে মাহি আক্তার পশ্চিম চন্দ্রহার গ্রামের আব্দুল মালেক সিকদারের মেয়ে। সে বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউটের নবম শ্রেণির শিক্ষার্থী।
বুধবার (২৫ নভেম্বর) মাহির পরিবারের সদস্যরা জানান, গত ২২ নভেম্বর সকাল সাড়ে ১০টার একটি ফ্লাইটে পর্যটক ভিসা নিয়ে ভারত থেকে বাংলাদেশে আসেন ফাইজান। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাহির মা ও ছোট ভাই তাকে অভ্যর্থনা জানান। পরে তারা তাকে বরিশালে নিয়ে আসেন।
পরদিন ২৩ নভেম্বর বরিশালের এক আইনজীবীর চেম্বারে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এ সময় একজন মৌলভীকেও ডেকে নেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা ফাইজানকে জামাতা হিসেবে নিজেদের বাড়িতে নিয়ে যান।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মাহির মা শামীমা আক্তার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।মাহি আক্তার জানায়, দক্ষিণ আফ্রিকায় থাকা তার বড় ভাইয়ের ইনস্টাগ্রাম বন্ধু ফাইজান শাহর সঙ্গে প্রায় দেড় বছর আগে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় তিন মাস আগে বিষয়টি দুই পরিবার জানতে পারে। পরিবারের পক্ষ থেকে বারবার নিষেধ করা হলেও তাদের যোগাযোগ বন্ধ হয়নি। এরই ধারাবাহিকতায় বিয়ের উদ্দেশ্যে গত ২২ নভেম্বর পর্যটক ভিসায় বাংলাদেশে আসেন ফাইজান।
মাহি আরও জানায়, গত এক বছরে প্রেমিকের কাছ থেকে এবং সিনেমা দেখে হিন্দি ভাষা শিখেছে সে। ফলে এখন তাদের মধ্যে ভাষাগত কোনো সমস্যা হয় না। পরিবারের সদস্যরাও কমবেশি হিন্দিতে কথা বলতে পারেন। ফাইজান বাংলাদেশে থেকে যেতে চান বলেও জানায় মাহি।ভারতীয় তরুণ ফাইজান শাহ জানান, তার বাবা গুজরাটের রাজুলা এলাকায় পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত। তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। তাদের প্রেমের সম্পর্কটি তার পরিবার স্বাভাবিকভাবেই মেনে নিয়েছে।
তিনি আরও জানান, ছয় মাসের পর্যটক ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন। বাকি জীবন স্ত্রীর সঙ্গে বাংলাদেশেই কাটাতে চান। শ্বশুরবাড়িতে এসে তিনি বেশ আনন্দিত বলেও উল্লেখ করেন।
মাহির মা শামীমা আক্তার বলেন, মেয়েকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেও সফল হইনি। একপর্যায়ে আর কোনো উপায় না পেয়ে ভারতীয় তরুণের সঙ্গে মেয়ের বিয়ে দিতে বাধ্য হয়েছি।
স্থানীয় বিএনপি নেতা রাসেল বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ভারতীয় একজন তরুণ বাংলাদেশে এসে হঠাৎ বিয়ে করে এখানে থেকে যেতে চাইছেন—এ বিষয়টি নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। ভারতীয় নাগরিকের পরিচয়সহ প্রয়োজনীয় সব তথ্য থানায় জমা দিতে বলা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, স্থানীয় গ্রামপুলিশ তাকে বিষয়টি জানিয়েছেন। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, মাহির বয়স ১৭ বছর হওয়ায় এ বিয়ের আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি নোটারি পাবলিকের মাধ্যমে সম্পন্ন বিয়ের আনুষ্ঠানিকতা নিয়েও আইনগত জটিলতার বিষয়টি সামনে এসেছে। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

