আপডেট: July 25, 2022

এম.এ.আর.নয়ন: ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সকালের সময় পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শামীম রেজার সাথে অসৌজন্যমূলক আচরণ এবং রুমের দরজা বন্ধ করে লাঠি দিয়ে পেটানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের বিরুদ্ধে। ২০২১-২০২২ অর্থবছরে পেঁয়াজের বীজ বিতরণ সম্পর্কে তথ্য জানতে চাওয়ায় তাকে এই হুমকি দেওয়া হয়। রবিবার (২৪শে জুলাই) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তার অফিসে এই ঘটনা ঘটে। এ সম্পর্কিত একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে অফিসের রুমের দরজা বন্ধ করে সাংবাদিককে লাঠি দিয়ে পেটানোর হুমকি দেওয়ার স্পষ্ট প্রমাণ রয়েছে।
শামীম রেজা বলেন, ‘২০২১-২০২২ অর্থ বছরে রাজস্ব প্রকল্পের রবি মৌসুমের পেঁয়াজের ফলোআপ বীজ ২৫০-৩০০ জনকে দেওয়ার কথা ছিলো। কিন্তু তা কতজনকে দেওয়া হয়েছে বিষয়টি জানার জন্য রবিবার দুপুরে দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের অফিসে যায়। অফিসে যাওয়ার পর কৃষি কর্মকর্তার নিকট উক্ত বিষয়ে তথ্য চাইলে তিনি আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠেন এবং অফিসের কর্মচারীদের রুমের দরজা বন্ধ করে দিয়ে বড় দেখে একটা লাঠি আনতে বলেন। বিষয়টি মোবাইলের মাধ্যমে পত্রিকার ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানালে আমার মোবাইল কেড়ে নিয়ে রুমের ভেতর অবরুদ্ধ করে রাখা হয়। পরবর্তীতে পত্রিকার স্টাফ রিপোর্টার মো. সাজেদুর রহমান কৃষি কর্মকর্তাকে ফোন দিলে তিনি কিছু সময়ের মধ্যেই আমাকে ছেড়ে দেন। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় আমি একটি সাধারণ ডায়েরি করেছি।’
বিষয়টি সম্পর্কে জানার জন্য দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের সাথে মোবাইলের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করলে তিনি কলটি রিসিভ না করায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্ট দপ্তরের ঊদ্ধর্তন এক কর্মকর্তা জানান, উপজেলা কৃষি কর্মকর্তা অন্যায়ভাবে এই ঘটনা ঘটিয়ে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান এর আগেও সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন। তথ্য চাওয়ায় তিনি দামুড়হুদা প্রেস ক্লাবের সভাপতি এম নুরুন্নবীকে হাত কেটে নেওয়ার হুমকি দেন। সে যাত্রায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ক্ষমা চেয়ে পার পান তিনি।

